শেরপুর প্রতিদিন ডট কম

Home আইন-আদালত হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিম কারাগারে
হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিম কারাগারে

হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিম কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানায় করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সোলায়মান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানি নথি প্রাপ্তি সাপেক্ষে হবে বলেও জানান বিচারক।
এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহত রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =