শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের মাধবপুর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক সমিতির সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হাসান ঠান্ডু।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস কেন হয় এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি ও মানুষকে বুঝাতে পারি তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজে করা যাবে। এছাড়া নিজেরা সচেতন হয়ে সবাইকে সচেতন করতে হবে।
পরে আলোচনা শেষে সমাজ কল্যাণের উদ্যোগে ডায়াবেটিসে আক্রান্ত অসহায় ১৫ জন রোগীর মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।