মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি এবং স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের অবমাননাকারীদের বিরুদ্ধে জামালপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মাহফুজুল আলম মুক্তা।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা আজ মনের ক্ষোভে আন্দোলনে নেমেছে। কোটা আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাচ্ছিল্য করার প্রতিবাদে এই মানববন্ধন। বীর মুক্তিযোদ্ধারা বলেন, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষণ জমা দেয়নি, আমাদের মনোবল এখনো অনেক শক্ত। এ সময় কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন আন্দোলনকারীরা।