শেরপুরে স্মার্ট এনজিও পোর্টালের উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই পোর্টালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার আগে স্মার্ট শেরপুর গড়তে হবে। তারই আওতায় এবার স্মার্ট এনজিও পোর্টালের যাত্রা শুরু হলো। এটি একটি ডায়নামিক পোর্টাল এবং এর মধ্য দিয়ে নতুন ইতিহাসও রচিত হল।
তিনি আরও বলেন, এনজিওগুলো দেশের উন্নয়ন সহযোগী। যুদ্ধবিধ্বস্ত বাংলাকে গড়ার সময় থেকে তারা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। তাদের মাধ্যমে তৃণমূলের সুবিধাবঞ্চিতরা উপকৃত হচ্ছে। কাজেই স্মার্ট শেরপুর গড়তে এনজিওদের সহযোগিতায় তৃণমূলেও তার ছোঁয়া পৌঁছে দিতে হবে।
পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা এনজিও ফোরামের সমন্বয়কারী ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, পারি ডেভলমেন্টের জেনিদারিন, আইডিএ’র গোলাম মোস্তফা, সবুজবাংলার খন্দকার আব্দুল আলীম, আস্থা প্রজেক্টর ফিরোজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পোর্টালটির বিভিন্ন দিক তুলে ধরেন (https://ngosherpur.gov.bd) পোর্টালের ডেভেলপার তরুণ আইটি উদ্যোক্তা মো. মিনহাজ উদ্দিন। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আল-আমিন ও জিএমএ মুনিবসহ জেলার বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।