মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এলো ভারতীয় শুকনা মরিচ। শনিবার (১৫ জুলাই) সকালে আমদানি করা দেড় টন (১৫০০ কেজি) ভারতীয় শুকনা মরিচ ভর্তি একটি ট্রাক নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আগে ১৯টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও এখানে নতুন করে আরও একটি পণ্য হিসেবে যোগ হলো শুকনা মরিচ। এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা প্রথমে কয়লা ও পরে পাথর আমদানি করতেন। বর্তমানে শুধুমাত্র পাথর আমদানি চলমান থাকলেও শনিবার নতুন করে যোগ হলো শুকনা মরিচ।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমাদের এ বন্দর দিয়ে আমদানিযোগ্য ১৯টি পণ্যের সাথে আজ যোগ হলো শুকনা মরিচ। আমরা ব্যবসায়ীরা আরো নতুন নতুন পণ্য আমদানি করতে আগ্রহী আছি। সরকারি সহযোগিতা পেলে আমরা এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে পারবো৷
তিনি আরোও বলেন, এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করার জন্য আমরা ইতোমধ্যে এলসি দিয়েছি। এছাড়াও সুপারি, শুটকি মাছ ও ফলমূল আমদানির পরিকল্পনা আছে আমাদের।
নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, এ বন্দর দিয়ে আজ পরীক্ষামূলকভাবে ব্যবসায়ীরা দেড় টন শুকনা মরিচ আমদানি করেছেন। এই বন্দরে ব্যবসায়ীরা সকল বৈধপণ্য আমদানি করতে পারবেন। তাই কাঁচা মরিচসহ সকল বৈধপণ্য আমদানি করতে সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে।