শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ‘পুতুল নাচ’ ধরে রাখার প্রয়াস
শেরপুরে ‘পুতুল নাচ’ ধরে রাখার প্রয়াস

শেরপুরে ‘পুতুল নাচ’ ধরে রাখার প্রয়াস

সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্য পুতুল নাচ হারিয়ে যেতে বসেছে। এক সময়ে শেরপুরে বিনোদনের মাধ্যম ছিল পুতুল নাচ। জেলার বিভিন্ন গ্রামে মেলা, উৎসবে বসত এই পুতুল নাচ। তবে আজ আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের প্রভাবে বিলুপ্ত হতে বসেছে বাংলার এই লোকসংস্কৃতি।

গ্রামবাংলার সংস্কৃতি ধরে রাখতে শেরপুর জেলা শহরের শ্যামলী পার্কে বিভিন্ন রাইডসের সংযুক্ত করা হয়েছে হারিয়ে যাওয়া সেই পুতুল নাচ।

সাবেক এমপি ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী নিজ উদ্যোগে শহরের ঢাকলহাটিতে শিশুদের বিনোদন দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘শ্যামলী পার্ক’। আপাতত এক মাসের জন্য ৫০ টাকা মূল্যের টিকিট ধরা হয়েছে এবং ভিতরে চেয়ারে বসার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত শো চালু থাকে। দর্শকদের আগ্রহের উপর পুতুল নাচ স্থায়ী করার ইচ্ছে রয়েছে তার।

শহরের অভিভাবকদের এ ব্যাপারে আগ্রহ লক্ষ্য করা গেছে। শিশুরা এখন মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব খুলে সময় কাটাচ্ছে, শিশুমন মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে শিশুরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিশু রাকিব জানায়, ‘মা-বাবার মুখে পুতুল নাচের কথা শুনেছি এবং টিভিতে দেখেছি একবার কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। খুব ভালো লেগেছে।’

সিলেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নিজাম উদ্দিন পরিবার-পরিজন নিয়ে পুতুল নাচ দেখতে আসেন। তিনি বলেন, ‘লোকসংস্কৃতির অন্যতম এ পুতুল নাচ ছেলে-মেয়েদের দেখাতে এসেছি। আমরা সেই ছোটবেলায় দেখেছিলাম কিন্তু আমার ছেলেমেয়েরা দেখেনি। তারা এ পুতুল নাচ দেখে খুশি হয়েছে।’

‘রঞ্জু পুতুল নাচ’ দলের মাস্টার মো. বাদল মিয়া জানায়, এক সময় বিভিন্ন মেলা ও পার্বনে পুতুল নাচের প্রচলন থাকলেও এখন তা দেখা যায় না। এখন এই পেশায় কেউ আসতে চাইছে না। অন্য পেশায় চলে যাচ্ছে।

 

পার্কের পরিচালক মো. ফারুক আহমেদ জানায়, লোকসংস্কৃতি ধরে রাখতে মূলত তাদের এ প্রয়াস। আপাতত এক মাসের জন্য শো চালানো হলেও দর্শক সাড়া পেলে নিয়মিত চলবে এ পুতুল নাচ।

ভবিষ্যৎ প্রজন্মের কাছে লোকসংস্কৃতির অংশ এই পুতুল নাচ যাতে হারিয়ে না যায়, সেজন্য সরকার ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানায় জেলার সচেতন মহল।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =