প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। শেখ হাসিনা তাঁর জাপানি সমকক্ষ ফুমিও কিসিদার আমন্ত্রণে জাপান সফরে গিয়েছিলেন। টোকিওতে অবস্থানকালীন শেখ হাসিনা এবং তাঁর জাপানি সমকক্ষ কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, কাস্টমস বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা ইত্যাদি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত আটটি চুক্তিনামা বিনিময় প্রত্যক্ষ করেন, যার বেশির ভাগই সমঝোতা স্মারক।
সফরের দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারির ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক এবং বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি একটি নাগরিক সংবর্ধনায়ও অংশ নেন।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সফর শেষ করে শেখ হাসিনা গত ৯ মে দেশে ফিরে আসেন। সূত্র : বাসস