ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া চিন্তা চলছে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হলেও শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত তা সম্ভব হচ্ছে না। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে।’
মান্না জানান, চিকিৎসকেরা আশাব্যঞ্জক কোনো খবর দেননি। বরং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার ভাষ্য, গতদিনের মতোই সংকটাপন্ন অবস্থা-এর না উন্নতি হয়েছে, না অবনতি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানও বলেছেন, খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার হয়নি বলে জানান দুজনেই।
আহমেদ আযম খান বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন আছে। তবে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে সেই ব্যবস্থা কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন, বিদেশের নানা হাসপাতালে যোগাযোগ করা রয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
সকালে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে।
প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ এবং হৃদ্যন্ত্রের সমস্যার কারণে ২৩ নভেম্বর আবারো হাসপাতালে ভর্তি হন তিনি।
গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে জানান, চিকিৎসকেরা আগের মতোই সর্বোচ্চ পেশাদারিত্বের পাশাপাশি আন্তরিকতা নিয়ে সেবা দিচ্ছেন এবং বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র প্রয়োজনীয় সহায়তার আগ্রহ জানিয়েছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি প্রধানকে দেখতে ভিড় না করে তার সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত একটি মানবিক কর্মসূচি শেষে রিজভী বলেন, ‘আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করেন।’
বিএনপির এই নেতা জানান, ‘দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যাডামের সঙ্গে দেখা করতে হাসপাতালে ভিড় করছেন, এতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং অন্যান্য রোগীদেরও সমস্যায় ফেলছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আপনারা আবেগ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, সুস্থতার জন্য মোনাজাত করছেন’ এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার জন্য দোয়া করুন।’
রিজভী আরও জানান, দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।