২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরার নিহত সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তদন্তে ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জামসেদ আলম।
আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন সোহান শাহ। পরের মাসের ২৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর একই বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার আদালতে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নাম উল্লেখ করেন তিনি। সেই তালিকায় আকিজ বশির গ্রুপের কর্ণধার শেখ বশিরউদ্দীনের নামও দেখা যায়।
নভেম্বরে সরকারের উপদেষ্টা হিসেবে বশিরউদ্দীন শপথ নিলে মামলার বিষয়টি আলোচনায় আসে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।