শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে শতরূপা জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে দোকানের লোহার সিন্দুকের তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ হাজার টাকার স্বর্ণ ও রৌপ্য অলংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১৬ নভেম্বর রবিবার রাত থেকে ১৭ নভেম্বর সোমবার সকাল পর্যন্ত ওই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এদিকে চুরির খবর পেয়ে সোমবার দুপুরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।
শতরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী আতিকুর রহমান তাপস জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার ১৫ থেকে ১৬ ভরি সোনা ও রূপার গহনা ছিল। পরদিন সকাল ১১ টার দিকে এসে দোকানের তালা খুলে দেখি শো-রুমের ভিতরে স্বর্ণ অলংকার রাখা ট্রে-গুলো এলোমেলো হয়ে পড়ে আছে এবং সিন্দুকের তালা ভাঙ্গা। পরে শো-রুমের পিছনে গিয়ে দেখতে পাই টিনশেডের ওই ঘরটির উপরে টিন কেটে কাঠের পাটাতন উঠিয়ে চোর ঢুকে এই কাজটি করেছে।
তবে চোরের দল কেবলমাত্র স্বর্ণ ও রূপের অলংকার নিয়ে গেলেও ব্রোঞ্জের তৈরি হাতের বালা ফেলে রেখে যায়। এতে চোরের দলের সাথে স্বর্ণ চেনে এমন কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে। একইসাথে লোহার সিন্ধুকের তালা খোলার কৌশলটা যারা জানে এমন কেউ জড়িত থাকতে পারে। কারণ সিন্দুকের ওপরে তালা কাটা গেলেও ভেতরের চাবি দিয়ে খোলা খুবই দুষ্কর। এদিকে এই দুর্ধর্ষ চুরির ঘটনার বিষয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, এমন চুরির ঘটনা খুবই অ্যালার্মিং। কারণ এই দোকানের আশপাশেই পুলিশ ও নাইট গার্ড থাকে। এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।