শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম
ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম

ক্রিকেটে ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরও ১৪ জন প্রার্থী। বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের সামনে এসে তামিম নির্বাচন প্রক্রিয়াকে ‘কালো দাগ’ ও ‘ফিক্সড’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তামিম বলেন, “আপনারা জানেন আমরা আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমি শুরু থেকেই বলে আসছি, নির্বাচনটা কীভাবে হচ্ছে—এটা নিয়ে এখন সবাই পরিষ্কার।”
তিনি বলেন, “আপনারা বলেন ক্রিকেটে ফিক্সিং বন্ধ করেন। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, তারপর ক্রিকেটেরটা দেখেন। এটা কোনো নির্বাচনই না। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকবে।”
তামিমের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং অনেক কিছুই হয়েছে খেয়ালখুশিমতো। তার ভাষায়, “যখন যেমন মনে হয়েছে, তখন তেমন করা হয়েছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এর কোনো মিল নেই।”
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীদের সবাই নিজেদের জায়গা থেকে ছিলেন প্রভাবশালী ও ‘হেভিওয়েট’। তামিম বলেন, “তালিকা দেখলেই বুঝবেন, প্রত্যেকে নিজের জায়গা থেকে শক্তিশালী ছিলেন। আমাদের এই সরে দাঁড়ানো আসলে একটি প্রতিবাদ।”
সবশেষে হতাশা প্রকাশ করে তামিম বলেন, “বোর্ডে যারা আছেন, তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন, জিততেও পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।”