শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা এলাকার পূজামণ্ডপসমূহে পুলিশি নজরদারি বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার, গুজব প্রতিরোধে সতর্কতা, যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় আগস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ৬ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার মো. জুবায়দুল আলম; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার মো. জাহাঙ্গীর আলম খান; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর থানার আব্দুল্লাহ আল জাবের রাফি; শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার মাহফুজুর রহমান ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন টিএসআই মাহফুজুর রহমান।
এছাড়াও সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান; কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান; নালিতাবাড়ী থানার এসআই বিল্লাল হোসেন ও এসআই মো. নুরুল আমিন; শেরপুর সদর থানার এসআই মো. আশরাফ আলী ও নালিতাবাড়ী থানার এএসআই মো. উমর ফারুক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।