শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত ৩ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি,পরবর্তীতে জেপি কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরীর (৮০) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকাল ১০টায় সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চৌধুরীবাড়ী ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. ইলিয়াস উদ্দিন, দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম, চিফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদ, চরাঞ্চল ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুর রহমান বড় হুজুর, মরহুমের ছোট ভাই রতন চৌধুরী প্রমুখ ৷ জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
পরে জামালপুর সদরের আমলাপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আমলাপাড়া পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শাহ রফিকুল বারী চৌধুরী শুক্রবার দুপুরে জামালপুরের আমলাপাড়াস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কামারেরচর এলাকার ঐতিহ্যবাহী চৌধুরী বংশের দ্বিতীয় প্রজন্মের সিংহ পুরুষ, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত শাহ আব্দুর রহিম চৌধুরী ওরফে সুরুজ চৌধুরীর তৃতীয় পুত্র এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন।