শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিরা
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিরা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে। এরই মধ্যে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষকদের ১০ জন প্রতিনিধি। বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ে যান। তবে বৈঠক থেকে ইতিবাচক সারা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
শিক্ষকদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এর আগে শিক্ষা জাতীয়করণ ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়মে বাড়িভাড়া ৪৫ শতাংশ, শতভাগ উৎসব বোনাস, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, শ্রান্তি-বিনোদন ভাতা এবং সর্বজনীন বদলি ব্যবস্থা চালুর দাবি নিয়ে তারা এই মহাসমাবেশের আয়োজন করেছেন। একইসঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত শিক্ষা জাতীয়করণের দাবিও এবার প্রধান এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।
শিক্ষক নেতারা বলছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে পূর্বে দেওয়া নতুন বাজেটে ভাতা বৃদ্ধির আশ্বাস এখনো কার্যকর হয়নি। বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না এলে ১৩ আগস্টের সমাবেশ থেকেই ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সকাল দশটা থেকে শুরু হওয়া এই সমাবেশে মাদরাসা, কারিগরি, হাই স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষকরা অংশ নেন। প্রতি জেলা থেকে প্রতিনিধি দল এসেছে, যাদের মধ্যে নারী শিক্ষকের উপস্থিতিও উল্লেখযোগ্য। বিভিন্ন সংগঠন, বিশেষ করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতারাও সমাবেশে এসে সংহতি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রেস ক্লাব থেকে পল্টন, মতিঝিল এবং আশপাশের সড়কগুলোতে ধীরগতিতে যান চলাচল করছে। সমাবেশস্থলের আশপাশের ফুটপাত ব্যানার, প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো শিক্ষক-কর্মচারীতে ভরে গেছে। ট্রাফিক পুলিশ বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানালেও কর্মদিবস হওয়ায় অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।