শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা লালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর
লালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর

লালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া অধিকাংশই শিশু। হস্তান্তরদের মধ্যে রয়েছেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), তার স্ত্রী অনিতা রানী (২৬), তাদের দুই বছরের মেয়ে নন্দীনি লাকড়া, তানোর উপজেলার শ্রী সুখদেব উরাও (৩৫), তার স্ত্রী শ্রী গোলাপী উরাও (২৭), মায়াদেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) এবং সাত মাস বয়সী সুদ্বীপ্ত উরাও। গত ৬ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিএসএফ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, পরিবার এলে আইন অনুযায়ী তাদের হস্তান্তর করা হবে।