শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীর ৪ ইউনিয়নের দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
নালিতাবাড়ীর ৪ ইউনিয়নের দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

নালিতাবাড়ীর ৪ ইউনিয়নের দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় এবং প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে দায়িত্ব পালনে জটিলতা দেখা দেওয়ায় ৪জন সরকারি কর্মকর্তাকে অস্থায়ীভাবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ আগস্ট বুধবার রাতে জেলা প্রশাসক (ডিসি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন চৌধুরী, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ আলম খোকা, যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ এবং বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সবুর দীর্ঘদিন ধরে পরিষদের কাজে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি হওয়ায় ইউনিয়নগুলোর দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
এই পরিস্থিতিতে নন্নী ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে ডা. সাকিব হোসেন সাগরকে। তিনি নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত। রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সোলায়মান। তিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর উপজেলা ব্যবস্থাপক। যোগানিয়া ইউনিয়নের দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ এবং বাঘবেড় ইউনিয়নের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর।