শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো সেরা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান
নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো সেরা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান

নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো সেরা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান

শফিউল আলম লাভলু : শেরপুরের নকলায় শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় উপজেলার সেরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৯জন সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা ও জেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উডজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাছুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সেরা শিক্ষার্থী (বর্তমানে জামালপুর মেডিক্যাল কলেজে অধ্যয়নরত) মাইমুনা প্রমুখ।
অনুষ্ঠানে জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোকে বিভিন্ন মানদণ্ডে (শিক্ষার্থীর ফলাফল, উপস্থিতি, পরিচালনা বোর্ডের সক্রিয়তা, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি) মূল্যায়ন করে পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই স্কিমের আওতায় প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করা হয়।
প্রধান অতিথি মোহাঃ নাসির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “এই ধরণের কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে পরিচালনায় উৎসাহিত করে। এর মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত হবে।”
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।