শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ চট্টগ্রামের পটিয়া থানার ওসি প্রত্যাহার
চট্টগ্রামের পটিয়া থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার আন্দোলনের কারণে ওসিকে সরিয়ে নেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, ওসি নাজমুন নূরের অপসারণ ও শাস্তির দাবিতে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৯ ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অবরোধ চলে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একই দাবিতে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তারা ডিআইজি কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে দীপঙ্কর দে (২৯) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ শুরুতে তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, দীপঙ্কর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা। তাকে থানায় নেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন।
অন্যদিকে, পুলিশের ভাষ্য, আন্দোলনকারীরা দীপঙ্করকে মারধর করে থানায় নিয়ে যান। থানার ভেতরে গিয়ে ‘মব’ তৈরি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।