Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
শেরপুরে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

শেরপুরে দুই অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

০

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে আরও ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের নওহাটা ও মীরগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই ভাংচুর করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য পৌর শহরের নওহাটা এলাকার মেসার্স আর ইউ বি জিগজ্যাগ ব্রিকস ও মীরগঞ্জ এলাকার মেসার্স এম এস অটো ব্রিকস-১ এর চিমনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।