শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ
গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ

গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ

ঢাকা শহরে অপরাধীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির সদর দফতরে নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচীসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পেক্ষাপটে এবারের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হচ্ছে। সুযোগ সন্ধানীরা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহায়তা করবে ডিএমপি।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।