‘আমি চলে গেলাম আমাকে মাফ করে দিও, আমাকে ভুল বুঝ না’ এভাবে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আকাশী আক্তার সাথী (১৩) নামে মাদ্রাসাপড়ুয়া এক ছাত্রী। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব মাদারপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
সাথী পূর্ব মাদারপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে। সে লংগরপাড়া দাখিল মাদ্রাসায় সপ্তম শেণিতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি আসে আকাশী আক্তার সাথী। ওইসময় কেউ বাড়িতে না থাকায় বসতঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাথী। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় লাশের পাশে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুুর প্রকৃত কারণ জানা যাবে।