জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দিগপাইতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল, আলম মিয়া মিলিটারি। আর গুরুত্বর আহত অবস্থায় আমজাদ হোসেন নামে এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান- টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক ৪জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান- দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। স্পটে ৪ জনকে মৃত অবস্থায় পায়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আমরা মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
দুর্ঘটনার কারনে মহাসড়কের দুই পাশে যানজটের দেখা দেয়। আর নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।