মেহেদী হাসান শামীম : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ৩১ আগস্ট শনিবার দুপুরে শেরপুর জেলা সদর উপজেলার চরখারচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া নামাপাড়া আ. সালামের ছেলে মো. রায়হান (৩০), ও আ. সালাম (৫০) একই গ্রামের সোহরাব আলীর ছেলে। আসামিরা সম্পর্কে বাবা ও ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গত ২১ আগস্ট শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নামাপাড়া গ্রামের জনৈক আবু রায়হানের কন্যা নিখোঁজের দুইদিন পর ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবার। এ ঘটনায় প্রতিবেশী দুই সন্তানের জনক সাজ্জাদ হোসেনকে দায়ি করে তারা। পরে ২১ আগস্ট রাতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিতে গেলে সাজ্জাদকে কুপিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। ওই ঘটনায় তার মামা মুক্তার আলীসহ তিনজন আহত হয়। আহতদের ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিহত সাজ্জাদের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল।
হত্যাকাণ্ডের ৯ দিনের মধ্যে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।