শেরপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রগঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার মধ্যে সকালে মন্দিরে পূজা অর্চনা, দুপুরে মন্দির প্রাঙ্গণে অঞ্জলি প্রদান ও বাল্য ভোজ প্রসাদ বিতরণ এবং রাজভোগ প্রদান করা হয়। এছাড়া সন্ধায় আরতির আয়োজন করা হয়েছে। সবশেষে রাতে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তকুলের সমাবেশ ঘটে।
আয়োজকরা জানায়, প্রতিবছরই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই তিরোধান উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এবং এখানে প্রতি বছরই হাজার হাজার ভক্তগুলোর আগমন ঘটে। ভক্তকুলরা এ সময় বাবা লোকনাথের কাছে তাদের মনোবাসনা পূরণে প্রার্থনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দ সাহা জানায়, আমরা প্রতিবছর এই মন্দিরে শ্রীশ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করে থাকি। এখানে প্রতিবছর হাজার হাজার ভক্তকুল এসে তাদের মনোবাসনা পূরণের জন্য লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেন। সেই সাথে ভক্তরা বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।