শেরপুরের বিভিন্ন কোচিং সেন্টারের মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম। ২৭ মে সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোচিং এর মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন শিক্ষার্থীরা যেনো মেনে চলে, সে ব্যাপারে কোচিংয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেন পুলিশ সুপার।
কোচিংয়ে আসা শিক্ষার্থীরা কোচিং ফাঁকি দিয়ে ও কোচিং থেকে আসা যাওয়ার পথে কোথাও আড্ডা, অহেতুক ঘোরাফেরা এবং সামাজিক অবক্ষয়জনিত কোন কাজে জড়িত না হতে পারে সে বিষয়ে নির্দেশনা দেন পুলিশ সুপার আকরামুল হোসেন।

এছাড়া সকল কোচিং সেন্টার সন্ধ্যার মধ্যে বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি। সন্ধ্যার আগে যে সকল শিক্ষার্থীর কোচিংয়ের ক্লাস সম্পন্ন হবে তাদেরকে তাদের অভিভাবকের হাতে বুঝিয়ে দেওয়াসহ কোন শিক্ষার্থী কোচিং সেন্টারে অনুপস্থিত হলে অভিভাবকদের অবশ্যই অবহিত করতে কোচিং সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কোচিং সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।