জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় শেরপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে। ৯ মার্চ শনিবার সকালে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ‘পুলিশ মেমোরিয়াল’ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নিহত সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এম এ হাকাম হীরা, নিহত কনস্টেবল রাজিব রবি দাসের স্ত্রী আরতী রানী দাস। ওইসময় স্বজন হারানোদের কান্নায় পুরো অনুষ্ঠান ভারী হয়ে ওঠে।

এর আগে শেরপুর পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা। এরপর শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সিআইডি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালামের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় ও বিউগলে করুণ সুর বাজানো হয়। শেষে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে জীবন বাজি রেখে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন সে সকল কর্তব্যরত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছর ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়ে আসছে।