শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পয়েস্তিরচর গ্রামে মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
তিনি ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনসহ সার্বিক খোঁজ-খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
ওইসময় তার সাথে কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও তার ৭ বছর বয়সী নাতি শরীফ নিহত হন। সেইসঙ্গে দুটি ঘর ভস্মিভুত ও চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।