শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে চলতি বোরো আবাদে নকল বীজের কারণে প্রায় ২ শত একর জমির চারা পচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যানের বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ কৃষক সমিতির শেরপুর জেলা শাখার আহ্বায়ক সোলায়মান আহমেদের নেতৃত্বে এ সময় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত কৃষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ২৫টি গ্রামের প্রায় ৪০০ একর জমির বোরো চারায় পচন ধরেছে। ফলে এ চারা থেকে কোনো ধান পাওয়া সম্ভাবনা না থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানায়, তারা আশপাশের দোকান থেকে ইস্পাহানী কোম্পানির ব্রি ধান-২৯ এর ধানের বীজ নিয়ে এসব জমিতে চারা উৎপাদন করা হয়েছিল। কিন্তু আশপাশের জমিতে অন্য জাতের ধানের চারাগুলো বর্ধনশীল হলেও ব্রী ধান-২৯ জাতের চারাগুলোর বর্জনশীল না হয়ে গোড়ায় পচন ও পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে।
কৃষকদের দেওয়া অভিযোগ ও স্মারকলিপি পেয়ে সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানায়, বিষয়টি তিনিও অবগত রয়েছেন। আমি সংশ্লিষ্ট সকল দপ্তরে এবং উল্লিখিত বিজ কোম্পানিকে অবহিত করে কৃষকদের ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।