শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে আবার পালাতে হবে : ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে আবার পালাতে হবে : ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে আবার পালাতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে উপজেলা নির্বাচনে না এলে এই ভুলের জন্যও খেসারত দিতে হবে। যদি উপজেলা নির্বাচনে বিএনপি না আসে, ২৮ তারিখ যেভাবে পালিয়ে গেছে আবার পালাতে হবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে মা বেগম ফজিলাতুন্নেসার পঞ্চম মৃত্যুবার্ষিকীর মিলাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত রেখেছি। জাতীয় নির্বাচনে নৌকা ছিল। যারা স্বতন্ত্র করতে চেয়েছে এলাউ হয়েছে। এবার উপজেলা নির্বাচনে উন্মুক্ত। আমি বলতে পারি আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। যা ৪২ শতাংশ হয়েছে। উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে।
এর আগে দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় আসেন ওবায়দুল কাদের। বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এরপর মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রায় ২০ হাজার নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, মো. মোর্তাহীন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =