ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। মো. শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হতে প্রস্তাব দেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। এতে সমর্থন দেন মকবুল হোসেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবকে সমর্থন করেন। পরে কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন।
এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারের শপথ পড়ান। স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।