শেরপুরের নালিতাবাড়ীতে জব্দকৃত ২৮ টন ভেজাল সার ধ্বংস করা হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে ওইসব ভেজাল সার ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ীরা ভেজাল সার বিক্রয় করে আসছিলো। ভেজাল সারের ছোবল থেকে কৃষকদের বাঁচাতে গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল সার বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন ধরনের প্রায় ২৮ টন ভেজাল সার জব্দ করা হয়৷
পরে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব সার ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াদুদ প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, কৃষকদের স্বার্থে ভেজাল সার বিরোধী অভিযান অব্যাহত থাকবে।