দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক। ২৭ নভেম্বর সোমবার সকালে সাড়ে ৮ হাজার টাকা ব্যাংক চালান দিয়ে জেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা।
জানা যায়, শেরপুর-১ আসনে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। ১৯৯৬ সাল থেকেই এ আসন আওয়ামী লীগের দখলে রয়েছে। এ আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক। তিনি এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। একবার উপজেলা চেয়ারম্যান এবং টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের মাঝে আতিকের একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। কাজেই আগামী নির্বাচনেও তিনি জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।