সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও সংকটাপন্ন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার পর শহরের তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার এবং তার স্ত্রী ছবি বিশ্বাস। আহত প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম সজীব খুলনার ফুলবাড়িগেট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে সয়াবিন তেলের কনটেইনার বোঝাই একটি ট্রাক নিয়ে খুলনায় যাচ্ছিলেন ট্রাকচালক সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর এলাকার বাসিন্দা সেলিম। মিলবাজার এলাকায় বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌছার পর ট্রাকচালক হঠাৎ ডান পাশে ট্রাকটি ঘোরান। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহন হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভারতীয় নাগরিক অসীম ও তার স্ত্রী ছবি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।