বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আওতায় শেরপুরে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
চেক বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আওতায় জেলায় বরাদ্দপ্রাপ্ত স্কুল ও কলেজ পর্যায়ের ১১জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর মধ্যে পঞ্চম থেকে দশম শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ১ হাজার টাকা হিসেব ১২ হাজার টাকা করে এবং কলেজ পর্যায়ের ২ জন শিক্ষার্থীর মাঝে প্রতি মাসে ২ হাজার টাকা হিসেবে ২৪ হাজার টাকা হারে ওই চেক তুলে দেওয়া হয়।