মেহেদী হাসান শামীম স্ট্যাফ রিপোর্টার: শেরপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি। জেলার সদর সহ কোন উপজেলাতেও বিএনপির কোন কর্মকান্ড চোখে পড়েনি। তবে সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিদিনের মত স্বাভাবিক কর্মকাণ্ড চলেছে মিল কারখানায়। সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও ব্যাংক খোলা ছিল। জনসমাগম ছিল স্বাভাবিক। ছানোয়ার হোসেন ছানু বলেন, হরতাল প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এদিকে শহরের প্রতিটি প্রবেশ পথে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। উপজেলা সদরেও পুলিশের টহল জোরদার ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। চালকরা জানান, মালিকদের নিষেধ না থাকলেও রাস্তায় নিরাপত্তা সমস্যার কথা ভেবেই শেরপুর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।