সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন টাকি (৩০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের ঘুঘরাকান্দি উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল ঘুঘরাকান্দি উত্তর পাড়ার হাবে মিয়ার ছেলে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন—রুবেল, সিরাজ উদ্দিন ও ছহুর উদ্দিন।পুলিশ জানায়, জমি নিয়ে ইসমাইল ও প্রতিবেশী রুবেলদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের লোকজনের লাঠিসোঁটার আঘাতে নিহত হন ইসমাইল।
পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা ঘটনার কথা জানার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’