মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ এজাহার নামীয় ৫১ জন এবং অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে শেরপুর সদর থানা পুলিশ। মামলায় ৫টি অবিস্ফোরিত ককটেল ও কিছু লাঠিসোটা উদ্ধার দেখানোসহ ঘটনাস্থল থেকে ৪ যুবদল নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলো, বাজিতখিলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলম মিয়া, যুবদল কর্মী গোলাম মোশারফ ও মো. এংরেজ আলী। মামলার এজাহার সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ অক্টোবর সোমবার রাতে সদর উপজেলার বাজিতখিলা সুলতান চাউল কলের সামনে বিএনপি ও যুবদল নেতারা নাশকতা কর্মকান্ডের পরিকল্পনায় ৫ টি ককটেল ও বেশ কিছু লাঠিসোটাসহ ৫ জনকে আটক করা হয়।পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীর সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরে ১০ অক্টোবর এ ঘটনায় বিস্ফোরক ও নাশকতা মামলা দায়ের করা হয় এবং আটককৃতদের আদালতে পাঠালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠায়। এবিষয়ে অভিযুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী জানায়, আন্দোলন থামাতে পুলিশের সেই পুরাতন কোশলের গায়েবি মামলা এটা। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই। অযথা হয়রানী করতেই এ মামলা। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনা ও মামলার সত্যতা স্বীকার করেছেন।