শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান
মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

মিয়ানমারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায় জাপান

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী মাশাহিরো ওকামুরা বলেছেন, তার দেশ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়।

রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

ওকামুরার বক্তব্য উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, জাপান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চায়। কক্সবাজারে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে স্থানীয় বাংলাদেশিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরও সহায়তা করতে চায় জাপান।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক যারা এখন বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের টেকসই সমাধানের অব্যাহত প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী জাপানকে ধন্যবাদ জানান।

জাপানের সহায়তায় বাস্তবায়িত মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও ঢাকা মেট্রোরেল প্রকল্পের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে জাপানের অবদানেরও প্রশংসা করেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে জাপানের উপমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ঢাকা ও নারিতার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চট্টগ্রামের মিরসরাইয়ে জাপানকে একটি অর্থনৈতিক অঞ্চল দিয়েছে, যেখানে জাপানি উদ্যোক্তারা পারস্পরিক সুবিধার জন্য বিনিয়োগ করছেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকায় এলেও জাপানের এই উপমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি আজ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরে যাবেন বলেও জানা গেছে। সূত্র- বাসস


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 8 =