বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।
শনিবার এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা একটি সফটওয়্যার আপডেট করবে। কারণ হিসেবে আইওএস-১৭ এর বাগ ও অ্যাপের বাগের কথা উল্লেখ করেছে এই টেক জায়ান্ট।
অ্যাপলের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছে, আইফোন ১৫ যে সব কারণে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বৃদ্ধির কারণে ডিভাইসট সেট আপের পর প্রথম কয়েক দিন ডিভাইসটি গরম হতে পারে।
এছাড়া থার্ড-পার্টি অ্যাপের কিছু আপডেট সিস্টেমকে ওভারলোড করে। ওই অ্যাপ ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাপল।
আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা।
জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।