মেহেদী হাসান শামীম শেরপুর প্রতিনিধি: শেরপুরে ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের পাইকারি দোকান গুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (সোমবার) শেরপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে সকাল থেকে নয়ানী বাজার, রঘুনাথ বাজার ও নবীনগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না থাকায় খুসবু স্টোরকে ২ হাজার ও রবি স্টোরকে ১হাজার টাকাসহ মোট দুইটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আরো ৭ টি দোকানে বিভিন্ন অনিয়ম দেখা গেলে তাদেরকে সতর্কীকরণ করা হয়। গত কয়েকদিনে হুট করে ডিমের দাম বেড়েছে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ প্রতি হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ওই সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদর থানার পুলিশ সদস্য।