শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কৃষক খুন: প্রধান আসামিসহ আরও তিনজন গ্রেফতার
শেরপুরে কৃষক খুন: প্রধান আসামিসহ আরও তিনজন গ্রেফতার

শেরপুরে কৃষক খুন: প্রধান আসামিসহ আরও তিনজন গ্রেফতার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় প্রধান আসামিসহ আরও তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাজধানীর মিরপুর ১৪ ও ময়মনসিংহ জেলার আকুয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে হত্যা মামলাটিতে মোট ছয়জনকে গ্রেফতার করল র‌্যাব।

র‍্যাব ১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রামেরচর গ্রামের মো. আব্দুল হামিদ খন্দকারের ছেলে ও মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়া, একই গ্রামের মো. আমির হকের ছেলে মো. আনোয়ার এবং মো. মিজানুর রহমান।

র‍্যাব জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের সরকার বাড়ি ও আকন্দ বাড়ির বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৬ জুলাই আকন্দ বাড়ির কবজ উদ্দিনের চাচাতো ভাই মো. মিস্টার আলী এবং তার ভাই মো. লিটন মিয়া কবজ আলীকে মারপিট করে সরকারবাড়ির লোকজন। ওই ঘটনায় সরকারবাড়ির কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন মিস্টার আলী।

২৬ জুলাই রাতে কবজ উদ্দিন খাবার খেয়ে স্থানীয় ছনবাজারের উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় পরও বাড়িতে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এর এক পর্যায়ে ২৭ জুলাই সকালে স্থানীয় একটি সবজি ক্ষেত থেকে কবজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় কবজ উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়।

ওই ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ১ আগস্ট মঙ্গলবার ভোররাতে ময়মনসিংহ জেলার আকুয়া বাইপাস এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে ঢাকার মিরপুর-১৪ এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার ও মিজানুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, নতুন তিনজনকে নিয়ে কবজ উদ্দিন হত্যা মামলায় মোট ছয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =