শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে খালেক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন
শেরপুরে খালেক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

শেরপুরে খালেক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ও জেলা চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি নুরে আলম সিদ্দিকীসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর চকপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ছানা, কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী চান, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী জোছনা, সমাজসেবক একেএম ফজলুল হক মাস্টার, সেলিম মিয়া, নিহত আব্দুল খালেকের মেয়ে কলেজশিক্ষার্থী খেয়া প্রমুখ।

বক্তারা বলেন, ওই চাঞ্চল্যকর ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী ও তার সহযোগীদের অনেকেই গ্রেপ্তার হয়নি। এছাড়া নুরে আলমকে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়নি। তারা প্রধান আসামিকে দল থেকে বহিস্কার এবং সে’সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলের কাছে স্মারকলিপি তুলে দেন এলাকাবাসী। মানববন্ধনে নারী-পুরুষসহ ২ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন।

এ ব্যাপারে শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, ওই মামলায় ইতোমধ্যে এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে। আশা করছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সক্ষম হবো।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − one =