শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সাত বছর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সফল সমাপ্তি
শেরপুরে সাত বছর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সফল সমাপ্তি

শেরপুরে সাত বছর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সফল সমাপ্তি

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ ৭ বছর পর শেরপুরে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন। উত্তেজনাকর ফাইনালে রানারআপ মিমোজা স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। আসরের ফাইনালিস্ট দল দু’টি আগামী মৌসুমে শেরপুরের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবে।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে বুধবার (৩১ মে) প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২২-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। খেলায় অপরাজিত ৪০ রান এবং দুই উইকেট লাভ করে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নগদ ২ হাজার টাকা পুরষ্কার পেয়েছেন শেরপুর ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার সাখাওয়াত হোসেন।

পুরো লিগে অসাধারণ পারফর্মেন্সের জন্য একই ক্লাবের অলরাউন্ডার রাকিবুল আতিক প্রয়াত তরুণ ক্রিকেটার আসিফ কবীর চৌধুরী রনি স্মরণে তার বন্ধুদের সৌজন্যে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হওয়ায় নগদ ৫ হাজার টাকা পুরষ্কার লাভ করেছেন। ৫ ম্যাচে রাকিবুল আতিক ১৩৫ রান ও ৮ উইকেট শিকার করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ। এছাড়া অন্যান্যের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, ক্রিকেট উপ-কমিটির সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, স্পন্সর প্রতিষ্ঠান মিমোজা শপিং মলের স্বত্ত্বাধিকারী জাকির হোসেন বাচ্চু, পরিচালক শাহানা পারভীন সুরভী, উত্তরা স্পেশালাইজড হাসপাতালের স্বত্ত্বাধিকারী জুবায়ের বিপ্লব, প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান, প্রয়াত ক্রিকেটার রনির বাবা মওলা বক্স চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৮টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল সেমি-ফাইনালে খেলে ফাইনালে মোকাবেলা করে।

দুই গ্রুপের সর্বনিম্ন স্থান অর্জনকারী দু’টি দল উত্তরা স্পোর্টিং ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে। ফাইনালিস্ট দু’টি দল শেরপুর ক্রিকেট ক্লাব এবং মিমোজা স্পোর্টিং ক্লাব আগামী মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =