শ্রীবরদী প্রতিনিধি: শ্রীবরদী উপজেলার পার্শ্ববর্তী বকশীগঞ্জে আরিফ মিয়া (১৫) নামে এক অটো রিকশা চালককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামে রাস্তার পাশে এঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় আহত আরিফ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরিফ মিয়া বকসীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের জবর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় , বিকালে কাগমারী পাড়া-পুরান টুপকারচর সড়কের কাগমারী পাড়া ভূতবাড়ি নামক স্থানে আরিফকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । এসময় সে ছটফট করছিলো । স্থানীয়দের দৃষ্টিগোচর হলে তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । এসময় কর্তব্যরত চিকিৎসক আরিফের অবস্থা আশংকাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করে। সম্ভবত যাত্রী সেজে দুর্বৃত্তরা অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আরিফ কে ঘটনাস্থলে নিয়ে গিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করছেন । বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা জানান, আরিফকে কেন গলাকাটা হয়েছে এবং সে কিভাবে কাগমারী পাড়া এলাকায় এসেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।