ইতালির দ্বিতীয় বৃহত্তম হৃদ ম্যাগিওরে পর্যটক বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর আগে এ ঘটনায় তিনজন নিহত হয় বলে জানানো হয়েছিল। এঘটনায় আরও পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। নৌকাটিতে ২০ জনের বেশি যাত্রী ছিলো বলে জানা গিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যায় প্রবল বাতাসে ম্যাগিওর হৃদে পর্যটক বহনকারী নৌকাটি উল্টে যায়। নিহতদের মধ্যে একজন মধ্যবয়সী ইসরায়েলি নাগরিক, একজন রুশ নারী এবং অন্য দুজন ইতালির বাসিন্দা। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী।
আল্পসের দক্ষিণ দিকে এবং ইতালি ও সুইজারল্যান্ড দ্বারা বেষ্টিত ম্যাগিওর হ্রদ পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।
সংশ্লিষ্টরা জানান, প্রবল বাতাসে যে নৌকাটি উল্টে যায় তার দৈর্ঘ্য ১৬ মিটার। তবে ইতালির ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে নৌকায় তোলা হয়, অন্যরা সাঁতরে তীরে পৌঁছায়।
এর আগে ইতালীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে জন মানুষ ছিলেন। তারা জন্মদিন উদযাপন করছিলেন। তখনই হ্রদে একটি ঝড়ের সৃষ্টি হয় এবং ছোট হারিকেনের পর নৌকাটি উল্টে ডুবে যায়।