শেরপুর প্রতিদিন ডট কম

Home রাজনীতি প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : সাঈদ খোকন
প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : সাঈদ খোকন

প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে : সাঈদ খোকন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২৭ মে) রাজধানীর টিকাটুলির শহীদ কাজী আরেফ স্কুল অ্যান্ড কলেজে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে স্বাগত জানিয়েছে সাঈদ খোকন বলেন, সম্প্রতি বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকা আমাদের গণতন্ত্রকে উৎসাহিত করার জন্য নতুন একটি ভিসানীতি ঘোষণা করেছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ভিসানীতিকে স্বাগত জানাই। আমরা যে জিনিসটা চাই, শেখ হাসিনা যে জিনিসটি চায়, আমেরিকার সরকারও একই জিনিসই চায়। আর তা হলো একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে আমরা অনেক খুশি এই কারণে যে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যারা বানচালের ষড়যন্ত্র করবে; যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী তাদের ভিসা বাতিল হবে। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি খুশির সংবাদ। কারণ, বিগত সময়ে জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত বাসে আগুন এবং বোমা হামলা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমন কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকার যে সহযোগিতার মনোভাব জানিয়েছে, সেটাকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানায়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো সরকার গঠনে দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে সাঈদ খোকন বলেন, যারা আমাদের উন্নয়নের অংশীদার এবং দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠনে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন জানিয়ে সাঈদ খোকন বলেন, আমার বাবার স্মৃতি বিজড়িত এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন এরইমধ্যে সংগঠনের মাধ্যমে পঞ্চাশ হাজার অসহায় রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এক হাজারেরও বেশি মানুষের চোখের ছানি ও নেত্রনালী অপারেশন করা হয়েছে। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ের রমজানে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আগামী দিনগুলোতেও ঢাকা দক্ষিণ তথা পুরান ঢাকাবাসীকে সেবা করে যাবার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন। সুখে দুঃখে সব সময় নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তার প্রয়াত পিতা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের জন্য দোয়া চান।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − ten =