প্রথমবারের মত গাজীপুর সিটিতে সিসি ক্যামেরা ও ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ৪৮০টি ভোটকেন্দ্রে সর্বমোট চার হাজার ৪৩৫টি ক্যামেরা বসানো হয়েছে। ২৫ তারিখ ভোট হলেও, ২৪ তারিখ থেকেই মনিটরিং করা হবে ভোটকেন্দ্র।
কমিশন বলছে, গাইবান্ধার মতো সিসি ক্যামেরা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার তৃতীয়বারের মত ভোট অনুষ্ঠিত হবে এ সিটিতে। ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে ৮ জন সহ ৩২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুরে ভোট হবে ইভিএমে। সে জন্য প্রতি কেন্দ্রে পর্যাপ্ত ইভিএম থাকবে। কোনো মেশিনে সমস্যা দেখা দিলে যাতে তাৎক্ষণিকভাবে তা ত্রুটিমুক্ত করা যায় সে জন্য পর্যাপ্ত ট্রাবল শুটিং কর্মকর্তাও থাকবেন বলে জানান নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, ৪৮০টি ভোটকেন্দ্রে ইতোমধ্যেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। কুমিল্লা, গাইবান্ধার মতো গাজীপুর সিটি নির্বাচনে ভোটকেন্দ্র ও কক্ষে থাকবে সিসি ক্যামেরা। যা সিইসির নেতৃত্বে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করবে পুরো এলাকা।
গাজীপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, এজেন্ট বা ভোটারদের ভয় পাবার কিছু নেই। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত হবে। ইভিএমে ভোট দিতে বিড়ম্বনা হবে না বলে জানান তিনি।
গাজীপুর সিটি নির্বাচনে মঙ্গলবার থেকে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।