বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয়ের পর নামার জন্য সাহায্য চেয়েছেন পাকিস্তানি পর্বতারোহী আসাদ আলী মেমন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত শুক্রবার এভারেস্টের চূড়ায় ওঠেন আসাদ। কিন্তু নামার সময় তার হাত ভেঙে যায়।
এ নিয়ে ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে ডনকে মেমন জানান, ক্যাম্প ৪ থেকে ক্যাম্প ৩-এর দিকে নামার সময় তিনি আহত হন। এক ব্যাস ক্যাম্প থেকে আরেকটিতে পৌঁছাতে এক থেকে দুই দিন সময় লাগলেও আহত হওয়ার কারণে আসাদের তিন দিন সময় লাগে। পরে তিনি নেপালের পাকিস্তানি দূতাবাসের সহায়তা চান।
মেমন জানান, তিনি এক হাতের ওপর ভর করেই ব্যাস ক্যাম্পে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তাকে চিকিৎসা দেয়া হয়।
তিনি বলেন, আমার ভাঙা হাত নিয়ে আমি আর নিচে নামতে পারবো না। এ অবস্থায় আমাকে হেলিকপ্টার দিয়ে নামিয়ে নেয়াটাই একমাত্র বিকল্প।
করাচির বাসিন্দা ২৪ বছর বয়সী আসাদ পাকিস্তানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি সিন্ধ প্রদেশের প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহী।