শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ মাদক মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৌরশহরের বাজার ছিটাপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঐ মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে ১৫ মাদক মামলার আসামি মেহেদি হাসান মাসুম ওরফে বিগম্যান (৩২) ও একই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩৬)।
জানা গেছে, মঙ্গলবার রাতে নালিতাবাড়ি থানার এসআই শাফায়েত হোসেন, মহর আলী ও এএসআই সোহরাব আলী পৌরশহরের ছিটপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মেহেদি হাসান বিগম্যানকে ২ গ্রাম হেরোইন ও ফিরোজ মিয়াকে ২৫ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ি থানার ওসি এমদাদুল হক বলেন, গ্রেফতার মেহেদি হাসান মাসুমের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা ও অপর আসামি ফিরোজ মিয়ার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করার পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।