শেরপুর প্রতিনিধি: শেরপুরে অভিযান চালিয়ে দুই অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৫ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।
ক্লিনিক দুটি হলো- শেরপুর পৌর শহরের নারায়ণপুর এলাকার মারিয়া নার্সিং হোম ও বটতলা এলাকার নিরাপদ জেনারেল হাসপাতাল।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মারিয়া নার্সিং হোম ও নিরাপদ জেনারেল হাসপাতালে অভিযান চালালে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি। সেই সঙ্গে অপরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতাল দুটি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া, ওই দুই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম বন্ধ ও ভর্তি রোগীদের জেলা হাসপাতাল বা অন্যত্র সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শেরপুর সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য বলেন, ‘যারা আইন ও নিয়মনীতি মেনে ব্যবসা করছেন না এমন দুটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’